ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে সংগ্রহ করা
ট্রেনের টিকিটসহ পাঁচ কালোবাজারিকে আটক করেছে র্যাব। রোববার (২৫ ফেব্রুয়ারি)
সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-৯ এবং সিপিসি-১ এর যৌথ অভিযানে এসব কালোবাজারিকে আটক করেন
তারা।
ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন
রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকিট জনসাধারণের কাছে বেশি দামে
বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা
করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে নিজের ব্যবহৃত
স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ১২৯টি আসনের ৫৯টি অনলাইন টিকিট, ৭টি মোবাইল ফোন এবং টিকিট বিক্রির নগদ ৪৮ হাজার টাকা জব্দ করেছে
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন – মো. আব্দুল হাকিম
(৩৫), পিতা- শহিদ মিয়া, মো. জাকির হোসেন (৪৮), পিতা- ওসিউর রহমান, মো. রুবেল মিয়া
(৩২), পিতা- নুরুল ইসলাম, মো. শাহিন মিয়া (৪০), পিতা- মৃত মাহাতাব উদ্দিন। মো. সাজ্জাদ
মিয়া (২৮), পিতা- মৃত সামছু মিয়া ওরফে মুর্শিদ মিয়া।
দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার
করেছেন আটককৃতরা।
আটককৃতদের মামলা দায়ের করে আসামি এবং জব্দকৃত টিকিট ও অন্যান্য আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।









