যশোর শহরের মণিহারে অভিযান চালিয়ে দুই পরিবহন থেকে জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার রাতে এক অভিযানে এগুলো পুড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে দুই পরিবহন চালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

র‌্যাব-৬-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফয়সাল তানভীর ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ে একটি দল এ অভিযান পরিচালনা করে। 

ফয়সাল তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওজন বাড়াতে বিপুল পরিমাণ চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা হয়েছে। সেগুলো সাতক্ষীরা থেকে দুটি বাসযোগে মণিহার মোড় হয়ে চাঁপাইনবাবগঞ্জ নেয়া হচ্ছিল। রাত ১১টার দিকে মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষকে সঙ্গে নিয়ে মণিহার এলাকায় অভিযান চালিয়ে পরিবহন দুটি আটকানো হয়। পরে তল্লাশি চালিয়ে দুই গাড়ি থেকে মোট ১৭টি ককশিট ভর্তি চিংড়ি উদ্ধার করা হয়। প্রতিটি ককশিটে আনুমানিক ৩৫ কেজি করে মোট ৬০০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ মিলেছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। 

তিনি জানান, এ ঘটনায় জেলি পুশ করা চিংড়ি পরিবহনের সঙ্গে যুক্ত বাস দুটির মালিক মো. ওয়ালিদ ও মো. মোরছেদকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।