দলীয় মনোনয়ন ফরম ক্রয়ের শেষ দিন আজ। মনোনয়নের এ লড়াইয়ে জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত ৫০ আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি। এছাড়া জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের তথ্যমতে, সংরক্ষিত নারী আসনে গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম।

এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘অতীতের আন্দোলনগুলোয় বিএনপির নারী নেত্রীরা অনেক ভূমিকা রেখেছেন। সংসদে বিভিন্ন বিষয়ে যারা রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারা কারান্তরীণ হওয়াসহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এসব বিষয়সহ সংসদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সক্ষম নারীদের মনোনয়ন দেয়া হবে।’

আজ শেষ দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। এর পরই দলের বাছাই প্রক্রিয়া শুরু হবে।

এ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে তাদের সংসদ সদস্যদের বাছাই করে এবারো একই পন্থা অবলম্বন করা হচ্ছে।’

ইচ্ছুক প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তা পূরণ করে জমা দেবে। দলের ঊধ্বর্তন নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে সেই আবেদনগুলো যাবে।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই করবেন ২২-২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হয়েছে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ ১২ মে।