পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী ২৪ মার্চের টিকিট।
রেলওয়ের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে দুই ধাপে অনলাইনে ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ১ বার করে টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন। একজন যাত্রীর সর্বোচ্চ ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া, ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল তারিখের টিকিটও বিক্রয় করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ। একইসঙ্গে ঈদ ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। এদিন দেয়া হবে ৩ এপ্রিলের টিকিট।










