রাজশাহীতে বন্ধুদের
সঙ্গে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই
কলেজছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার (১১ জুন) মরদেহ
দুটি উদ্ধার হয়। নিহত গোলাম সারোয়ার সায়েম (১৯) ও রিফাত খন্দকার (১৯) দুজনেই রাজশাহী ক্যান্টনমেন্ট
পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাজশাহী
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, শনিবার বেলা ১১টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা
নদীতে গোসলে নেমে নিখোঁজ হন গোলাম সারোয়ার সায়েম ও রিফাত খন্দকার। দিনভর তল্লাশি
অভিযান চালিয়েও তাদের সন্ধান মেলেনি। পরে
আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে
সায়েমের মরদেহ পাওয়া যায়। দুপুর ১২টার দিকে পাওয়া যায় রিফাতের
মরদেহ। মরদেহ দুটি উদ্ধারের সঙ্গে সঙ্গে অভিযান শেষ হয়েছে।
নৌ পুলিশের
রাজশাহী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার রেজা বলেন, ওই দুই শিক্ষার্থী তাদের একদল বন্ধুর সঙ্গে শনিবার পদ্মার
চরে ফুটবল খেলতে এসেছিলেন। খেলা শেষে সবাই নদীতে গোসলে নামেন। এসময় সায়েম ও রিফাত
তলিয়ে যান।
টের পেয়ে
প্রথমে স্থানীয়রা তাদের সন্ধানে নামেন। শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান
শুরু করে। একদিন পর ঘটনাস্থলের আশেপাশেই পাওয়া যায় দুজনের মরদেহ। আইনি প্রক্রিয়া
শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









