বন্যার্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির সব সদস্য। শনিবার রাতে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. এটিএম কামরুল হাসান।

তিনি বলেন, ‘আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটি বন্যার্তদের সহযোগিতার জন্য শিক্ষকদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হবে। সেটি দ্রুত সময়ের মধ্যেই পাঠানো হবে। এছাড়া চলমান বন্যা পরিস্থিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে।’

কলা অনুষদের সাবেক ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, ‘বাংলাদেশে এমন ভয়াবহ বন্যা এর আগে কখনই হয়নি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশের মানুষ একত্রে কাজ করছে। শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বন্যার্তদের তহবিল সংগ্রহের জন্য দিন-রাত পরিশ্রম করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়ার জন্য সভায় সিদ্ধান্ত নিয়েছে।’

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে ৭ লাখ ৫৪ হাজার ৩৭৪ টাকা সংগ্রহ করা হয়েছে।