গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। কিন্তু যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

আজ বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, রাজউক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ফাইলের দীর্ঘসূত্রিতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতা-এসব বিষয় আমাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা পরিবর্তন করতেই হবে এবং এখনই করতে হবে।

সভায় রাজউক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকার দুর্নীতি ও হয়রানিমুক্ত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। আরো ছিলেন রাজউক সদস্য মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলামসহ রাজউকের কর্মকর্তারা।