নওগাঁর ১১টি উপজেলার সরিষা খেত থেকে চলতি মৌসুমে ২০০ টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জেলার ৬১টি স্থানে এবার ৮ হাজার ৩০০টি মৌবক্স স্থাপন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ১১১ মৌচাষী এ কাজে সম্পৃক্ত রয়েছেন। বাজারে ভালো দাম এবং চাহিদা থাকায় এ বছর কমপক্ষে ৬ কোটি টাকার মধু বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন মৌচাষীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৬৮ হাজার ৪৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ২০ হাজার ৬৫০ হেক্টর বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে মান্দা উপজেলায় ৭ হাজার ৮০০ হেক্টর। এবার বারি-৯, বারি-১৪, বারি-১৫, বারি-১৬, বারি-১৭, বিনা-৪, টরি-৭ জাতের সরিষা চাষ করা হয়েছে। স্বল্প সময়ে উৎপাদনশীল ও লাভজনক হওয়ায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে চাষীর। পাশাপাশি মৌবক্স থেকে বাড়তি হিসেবে মধু সংগ্রহ করছেন চাষীরা।

সরজমিন মান্দা উপজেলায় দেখা যায়, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সরিষা খেতে ইউরোপিয়ান মেলিফেরা জাতের মৌমাছি দিয়ে শতাধিক মৌবক্স স্থাপন করেছেন চাষীরা। যারা মধু সংগ্রহ করছেন তাদের বেশির ভাগই বাইরের জেলা থেকে এসেছেন। কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ লাভজনক হওয়ায় বহিরাগত মৌচাষীদের সঙ্গে সহযোগিতায় নেমেছেন স্থানীয়রাও।

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন মান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় সরিষা খেতের পাশে আমবাগানে মৌবক্স স্থাপন করেছেন জাহিদ হাসান। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে।

তিনি জানান, গত নয় বছর এভাবে মৌবক্স স্থাপন করে মধু আহরণ করছেন। এখানে তিনি ১৪০টি মৌবক্স স্থাপন করেছেন। এখন পর্যন্ত তিনবারে ২০০ কেজির বেশি মধু সংগ্রহ করেছেন। চলতি বছর তিনি ১০-১২ লাখ টাকার মধু সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করেছেন। যেখানে সব খরচ বাদে কমপক্ষে তার ২-৩ লাখ টাকা লাভ থাকবে।

জাহিদ হাসান বলেন, ‘আগে কৃষক খেতের পাশে মৌবক্স রাখতে দিতে চাইতেন না। তাদের মধ্যে ভুল ধারণা ছিল, মৌমাছি মধু চুষে নেয়ার কারণে সরিষার দানা পুষ্ট হয় না। ফলে উৎপাদন ব্যাহত হয়। কৃষি বিভাগের প্রচারণায় এখন কৃষকের সেই ভ্রান্ত ধারণা পাল্টে গেছে। তারা এখন জানেন, খেতের পাশে মৌবক্স বসালে সরিষার ফলন কমে না বরং বাড়ে।’

একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কৈকুড়ী মাঠে আসা আরেক মৌচাষী এমদাদুল হক বলেন, ‘গত বছর মৌবক্স স্থাপন করে ২ হাজার কেজি সরিষা ফুলের মধু সংগ্রহ করতে পেরেছিলাম। যেখান থেকে প্রায় ৪ লাখ টাকা মুনাফা হয়েছিল। এবার এ মাঠ থেকে এরই মধ্যে ৫৬০ কেজি মধু সংগ্রহ করতে পেরেছি। এ বছর সরিষা ফুল থেকে প্রায় ২ হাজার কেজি মধু সংগ্রহ হবে। আমরা প্রতি কেজি মধু খুচরা ৪০০ টাকা এবং পাইকারি ৩০০ টাকায় বিক্রি করি। ডাবর, প্রাণ ফুড, একমি, ওয়ালেসসহ কয়েকটি কোম্পানি মাঠ থেকেই মধু পাইকারি দামে কিনে নিয়ে যায়। এ বছর সরিষার মধু থেকে কমপক্ষে সাড়ে ৫ লাখ টাকা মুনাফা হবে বলে আশা করছি।’

এ বিষয়ে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বণিক বার্তাকে বলেন, ‘ভালো দাম পাওয়ায় এ বছর জেলার কৃষক সরিষার আবাদ বেশি করেছেন। বিগত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ মৌচাষী মধু সংগ্রহ করতে এসেছেন। তাদের মৌবক্সের মৌমাছি সরিষা ফুল থেকে রেণু সংগ্রহ করছেন। এতে মৌমাছি দ্বারা কৃত্রিম পরাগায়ন হয়। ফসলের জন্য এটি খুবই উপকারী এবং ফলন বৃদ্ধি করে। এ বছর সরিষার আবাদ বেশি এবং আবাদের অবস্থাও ভালো। এবার মৌচাষীরা প্রায় দুই লাখ কেজি মধু বিক্রি করতে পারবেন।’