ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও নতুন হল নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ঢাবি ছাত্রদল। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, 'ঢাকাসহ সারা দেশে প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয়, যার ফলে দেশের বিভিন্ন জায়গায় বহু নাগরিক হতাহত হবার খবর পাওয়া গেছে। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বসবাসরত অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের জরাজীর্ণ ভবনসমূহের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।'

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'বিগত সময়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। আজ ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে পুনরায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনসমূহকে তালিকাভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে উপযুক্ত সংস্কার বা পুনঃনির্মাণের কোনো বিকল্প নেই।'