কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মাংসের টুকরাগুলো ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের কিনা তা শনাক্তে দেশটিতে যাচ্ছেন তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তার এবং এমপি আজীমের ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করা হবে।
চাঞ্চল্যকর এ ঘটনায় এখন পর্যন্ত দুই দেশে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের আগেই যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া আক্তারুজ্জামান শাহিনকে ফেরাতে পারলেই কেবল খুনের প্রকৃত কারণ জানা যাবে।
নিউ টাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক, বর্জ্য নিষ্কাশনের পাইপ থেকে মঙ্গলবার মাংসের টুকরো এবং চুল উদ্ধার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সন্দেহ, এসব ঝিনাইদহের নিহত সংসদ সদস্য আজীমের হতে পারে। বিষয়টি নিশ্চিত করার জন্য এরই মধ্যে নমুনাগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ডিএনএ টেস্টের জন্য কলকাতায় যাওয়ার খবর দিয়ে আজীমের ছোট মেয়ে ডরিন বলেন, ‘গণমাধ্যমে কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধারের খবর জেনে আমি মঙ্গলবার রাতে বাংলাদেশের ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে ফোন ও মেসেজ করি। পরে তিনি ফোন দিয়ে বিস্তারিত জানান।
তিনি বলেন, বাবার লাশ শনাক্তের জন্য বৃহস্পতিবার রাতে বা পরদিন সকালে ঢাকা হয়ে কলকাতা যাব। আমার সঙ্গে যাচ্ছেন বড় চাচা এবং বাবার (আজীম) ব্যক্তিগত সহকারী এমএ রউফ।










