চীনে বাংলাদেশী পণ্যের জন্য অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপনসহ বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাণিজ্য সচিবের কাছে মোট ছয়টি লিখিত প্রস্তাব দিয়েছে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)। সংগঠনটির সভাপতি মোহা. খোরশেদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব প্রস্তাব তুলে ধরে।

বিসিসিসিআই সূত্র জানিয়েছে, আলোচনায় বন্ডেড ওয়্যারহাউজ বা গুদামের অপব্যবহারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বন্ডেড পণ্যের অননুমোদিতভাবে স্থানীয় বাজারে বিক্রি সুষ্ঠু ব্যবসার জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে। একই সঙ্গে বিশেষ করে চীন থেকে সম্ভাব্য বিদেশী বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আরো কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে প্রকৃত বিনিয়োগকারী ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।

বিসিসিসিআইয়ের অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে চীনে বাংলাদেশের পণ্যের জন্য অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন, চীনের বাজারে রফতানি বাড়ানো, দেশটির বড় বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করা, বাংলাদেশে একটি চীনা ব্যাংকের শাখা স্থাপনে সহযোগিতা করা এবং চীনের সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক সহযোগিতা সম্প্রসারণ।

প্রতিনিধিদলটি কুনমিংয়ে অনুষ্ঠিত দশম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতাও তুলে ধরে। এ সময় বাংলাদেশের পণ্যের প্রচার আরো বাড়ানো এবং চীনা বিনিয়োগ আকর্ষণে বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিজিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি হান জিংচাও, জ্যেষ্ঠ সহসভাপতি এ জেড এম আজিজুর রহমান, মহাসচিব জামিলুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত ছিলেন।