সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে। ফলে মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
প্রচণ্ডে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন ঘরমুখো
যাত্রীরা। যানজটের কারণে বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে
দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।
এলেঙ্গা এলাকায় আটকে থাকা উত্তরবঙ্গগামী বাস
চালক জুয়েল মিয়া বলেন, সড়কে প্রচুর গাড়ি। ৫ কিলোমিটার আসতে এক ঘন্টা
সময় লেগেছে।
হাসান নামে এক যাত্রী বলেন, আমি পরিবারের সঙ্গে ঈদ করতে গাইবান্ধা যাচ্ছি।
যে জ্যাম দেখছি কখন যেতে পারবো জানি না তারপর আবার প্রচণ্ড গরম বাচ্চাদের নিয়ে খুব
অসুবিধাই হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব
থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে
বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে
সেতু কর্তৃপক্ষ। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে স্বাভাবিক
হবে বলেও জানান তিনি।










