সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলে খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রীকে সম্মাননা দেবে বিশ্ববিদ্যালয়। ঢাবির উপ-উপাচার্য সায়মা হক বিদিশা এ খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

বিজয়ী দুই ছাত্রী হলেন— ঋতুপর্ণা চাকমা ও নিলুফা ইয়াসমিন নীলা। তারা দেশের জন্য খেলে স্বর্ণপদক জিতে এনেছেন।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, 'সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবল দলে আমাদের দুজন ছাত্রী রয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। উপাচার্য এখন দেশের বাইরে থাকায় তিনি ফিরে আসার পর আমরা আলোচনা করে তাদের সম্মাননা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ক্রীড়া ও সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সহ-শিক্ষা কার্যক্রম ও ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীদের সফলতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে রয়েছে।

ঢাবি ফুটবল কমিটির সভাপতি ড. মুহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এসএম জাকারিয়া, অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি বিভাগের ফুটবল দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচটি ম্যানেজমেন্ট বিভাগ ও ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।