বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো ও সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) বাজেটের ত্রাণ ও কল্যাণ খাত থেকে ন্যূনতম এক কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হবে। এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের সব সদস্যের কাছ থেকে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বাসা মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত এগারো জেলা বন্যাকবলিত হয়েছে। সারা দেশের বন্যা কবলিত ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি এবং এখন পর্যন্ত প্রায় ১৩ জন মারা গেছেন। এ পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।