ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী পরিচালিত সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) আয়োজন করতে যাচ্ছে ‘ভিওবি রাইটিং কনটেস্ট ২৬’। দেশের কলেজ, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘দি আদার সাইড অব হোম: ব্রডার পারস্যুটস’। এর বিষয়বস্তু ‘দ্য ড্রিম অ্যাবরোড: এডুকেশন, মাইগ্রেশন, অ্যান্ড দ্য প্রাইস অব অপরচুনিটি’। বিদেশে উচ্চ শিক্ষা, অভিবাসনের স্বপ্ন এবং এর পেছনের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে তরুণদের নিজস্ব চিন্তা ও বিশ্লেষণ তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজনের গণমাধ্যম সহযোগী বণিক বার্তা।

প্রতিযোগিতায় মোট ২০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। বিজয়ী পাবেন ১০ হাজার টাকা, প্রথম রানারআপ ৬ হাজার ও দ্বিতীয় রানারআপ পাবেন ৪ হাজার টাকা। প্রতিযোগিতায় সেরা তিনটি লেখা প্রকাশিত হবে ভিওবির ১৬তম ম্যাগাজিন সংখ্যায়। এছাড়া সেরা ১০টি লেখা প্রকাশ করা হবে সংগঠনটির ওয়েবসাইট ও ফেসবুক পেজে।

গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রবন্ধ, ফিচারধর্মী লেখা, তথ্যভিত্তিক রচনা কিংবা প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য সৃজনশীল ও চিন্তাশীল লেখার মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে ৭ অক্টোবর, যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা ও সৃজনশীল অভিব্যক্তিকে উৎসাহিত করতে চায় সংগঠনটি। শিক্ষা, অভিবাসন, উচ্চাকাঙ্ক্ষা, সম্ভাবনা এবং ‘বাড়ি’র ধারণার পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের মধ্য দিয়ে বিদেশে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ও বাস্তবতা নিয়ে বাংলাদেশের তরুণদের বহুমাত্রিক অভিজ্ঞতা, উপলব্ধি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার একটি কার্যকর প্লাটফর্ম হয়ে উঠবে এ প্রতিযোগিতা—এমন প্রত্যাশা আয়োজকদের।

ভয়েস অব বিজনেস ২০০৭ সালে দেশের প্রথম শিক্ষার্থী পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব হিসেবে যাত্রা করে। এ পর্যন্ত সংগঠনটি তাদের ম্যাগাজিনের ১৫টি সংস্করণ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময়ে ব্র্যান্ড্রিল, জব ফেয়ার, রাইটিং কনটেস্টসহ নানা ধরনের সেমিনারের আয়োজন করে থাকে ভিওবি।