পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বাংলাদেশ ভারতের শিক্ষা সংস্কৃতির সঙ্গে আরো সুসম্পর্ক তৈরি করতে চায়, তাই দ্রুত ঢাকা-গুয়াহাটি বিমান যোগাযোগ চালু হবে। সিলেটে অনুষ্ঠিত চার দিনব্যাপী ১১তম বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মহানগরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত সংলাপের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারত-বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাগত অনেক বিষয়ে মিল রয়েছে, উভয় দেশের সে সম্পর্ককে আমরা আরো এগিয়ে নিতে চাই।’

গতকালের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী কেএম খালিদ এমপি। অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের সাবেক এমপি স্বপন দাস গুপ্ত, ভারত ফাউন্ডেশনের সদস্য সুরাইয়া দভাল, ভারতের রাজ্যসভার সদস্য রাজ কুমার রঞ্জন শিং প্রমুখ।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের ন্যায় এবারো এ সংলাপের আয়োজন করা হয়। 

সংলাপে বাংলাদেশের পক্ষে ছয়জন মন্ত্রী, ২০ জন সংসদ সদস্যসহ জাতীয় নেতারা অংশ নেন। আয়োজন উপলক্ষে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধি দল সিলেটে এসেছেন।

আজকের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি এবং সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। আগামীকাল সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন দুদেশের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা।