বান্দরবানে স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ করা হয়েছে। বুধবার রাত ৩টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের থংজমাপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম সিংম্যানু মারমা (২২)। অপহূত রেথোয়াই মারমা (৩৫) নিহতের স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে থংজমাপাড়ার রেথোয়াই ও রাঙ্গামাটির রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গংগ্রীছড়াপাড়ার সিংম্যানুর বিয়ে হয়। এর পর থেকে তারা থংজমাপাড়ায় বসবাস করে আসছিলেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বাস করতেন। বুধবার রাত ৩টার দিকে রেথোয়াই এক ব্যক্তিকে মোবাইলে কল করে বলেন, ১০-১২ জনের একটি দুর্বৃত্ত দল বাড়িতে ঢুকে পড়েছে। কিছু না বলে আমার হাত, চোখ বেঁধে দু-তিনজন আমাকে বাড়ির বাইরে নিয়ে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।