দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা আলোচনার প্রথম দিন বিএনপির সঙ্গে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আলোচনা শুরু হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে কোন কোন নেতা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই সেটি চূড়ান্ত হবে।’

আগামীকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘শনিবার বিকাল ৪টায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রথম বৈঠক করে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের ছুটি থাকা না থাকার বিষয়ে। আলোচনার পর ছুটি বাতিলের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর আগস্টের শেষে হয় দ্বিতীয় দফার আলোচনা। সেখানে বেশির ভাগ দল প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে মত দেয়।

তৃতীয় দফা আলোচনার বিষয়ে গত বুধবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এবারের মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে এবং দলগুলোর পরামর্শ নেয়া হবে।’ 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাও আলোচনায় উপস্থিত থাকবেন বলে জানান শফিকুল আলম।

দেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশ পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন—এ ছয় বিষয়ে সংস্কারের জন্য পৃথক কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে নির্বাচন ব্যবস্থাসংক্রান্ত কমিশনের প্রধান হিসেবে আছেন বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সফর রাজ হোসেনকে। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি মোকাবেলাসংক্রান্ত সংস্কার কমিশনে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করা হয়েছে।