জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ এ আদেশ দেন। আদালতে শেখ মামুন খালেদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।

গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে শেখ মামুন খালেদকে আটক করে ডিবি। তিনি ২০০৭–০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক নিযুক্ত হন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেয়া হয়। সে সময় সংস্থাটি জানায়, এ দম্পতির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে।

এদিকে গত সোমবার রাতে এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় বর্তমানে তিনি পাঁচদিনের রিমান্ডে রয়েছেন।