সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২১ জন। গতকাল ও আগের দিন রাতে কুমিল্লা, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর, গোপালগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও রাঙ্গামাটিতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুমিল্লা: চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। গতকাল সকালে মহাসড়কের মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোশনা বেগম (৪৮) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজার এলাকার বাসিন্দা।

নাটোর: গুরুদাসপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক ট্রাকচালক আহত হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ (১৮) রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে। আহত ট্রাকচালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু মিয়ার ছেলে।

ঠাকুরগাঁও: ট্রাক্টরের ধাক্কায় মো. আলতাফ হোসেন (৫৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সির ছেলে।

দিনাজপুর: জেলার নবাবগঞ্জে ট্রাকচাপায় কামরুজ্জামান (৪৫) নামে শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার দাউদপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান হেয়াতপুর এলাকার গোলাম মোর্তুজার ছেলে।

গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ যাত্রী। সোমবার রাত ২টার দিকে উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক সিকদার (৪৩) পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।

বরিশাল: বাবুগঞ্জে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ছয় যাত্রী আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার রামপট্টি বালুরমাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী আব্দুল বাহিড় (৪০) ওই এলাকার অস্থায়ী বেদে পল্লীর বাসিন্দা।

ময়মনসিংহ: জেলার ভালুকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. তৈয়ব আকন্দ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। সোমবার রাতে উপজেলার মুক্তির বাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব উপজেলার ভরাডোবা ডিমাইপাড়ার মো. বাবুল আকন্দের ছেলে।

রাঙ্গামাটি: জেলার লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল রহমান (৪৫) উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।