ক্ষমতার অপব্যবহার, জেলেদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় ও হামলার অভিযোগ এনে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক জেলে। গত ২৫ মার্চ বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. আকরামুল হোসেন ওরফে জসিম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মাহবুব হাসান, শরণখোলা রেঞ্জের স্পিডবোটচালক সিরাজুল ইসলাম, ফরেস্টার মতিউর রহমান, বগী স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও ফরেস্ট গার্ড শিকদার জিয়া উদ্দিন।
মামলার বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘বন কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২২ মার্চ একটি মামলা হয়। নিজেদের অপরাধ ঢাকতে এসিএফসহ পাঁচজনের বিরুদ্ধে উল্টো মামলা করেছেন।’










