এসব ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন। গতকাল নেত্রকোনা, কক্সবাজারের চকরিয়া, ফেনী, ঝালকাঠির নলছিটি ও রাজবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নেত্রকোনা ও চকরিয়ায় প্রাণ হারিয়েছেন আটজন। প্রতিনিধিদের পাঠানো খবরে—

নেত্রকোনা: পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজারে সার বোঝাই একটি দ্রুতগামী ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যান। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে।

নেত্রকোনা ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, পিকআপ দিয়ে একটি পরিবার স্থানীয় একটি মাজারে যাচ্ছিল। এ সময় নেত্রকোনাগামী সার বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ দুর্ঘটনায় আহত সাত-আটজনকে উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১৩ বছরের এক কিশোরকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার: চকরিয়ার খুটাখালী নয়াপাড়ায় যাত্রীবাহী লেগুনা ও ‘লাল সবুজ পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো পাঁচ জন।

নিহতরা হলেন চাকরিয়ার মো. জসিম উদ্দিন (২৫), মো. শাহেদ (২৭), ঈদগাঁওয়ের মোহাম্মদ রফিক (২৮) ও মো. জিয়াবুল হক (২৫)। পুলিশ জানায়, নোয়াখালী থেকে আসা বাসটি বিপরীত দিক থেকে আসা লেগুনাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। মালুমঘাট হাইওয়ে থানার ওসি ওসমান গনি জানান, বাস ও লেগুনা জব্দ করা হয়েছে।

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাগলনাইয়ায় ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার জন্য অপেক্ষায় থাকা গাড়ির সারিতে ট্রাকের ধাক্কায় জুয়েল দাস (৩৫) নামে এক কারখানা কর্মী নিহত হয়েছেন। তিনি পিএইচপি কারখানায় কর্মরত ছিলেন। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি পাঁচটি যানবাহনে ধাক্কা দিলে এক মাইক্রোবাস চালক আহত হন। ক্ষুব্ধ জনতা ট্রাকচালককে আটক করে পুলিশে দেয়।

এছাড়া ঝালকাঠির নলছিটিতে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় কোহিনুর বেগম (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী মারা গেছেন। অন্যদিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ প্রামাণিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।