টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২-তে নিউজিল্যান্ড এবং মূল মাঠে বাংলাদেশ দল অনুশীলন করে। দুই দল ২ ঘণ্টার মতো অনুশীলন করে।

বাংলাদেশ দলের অনুশীলনে খেলোয়াড়রা অনেকটা সময় কাটিয়েছেন ফিল্ডিংয়ে। আর নেটে ঘাম ঝরান সফরকারী নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

আজ কোনো দলের অনুশীলন নেই। একদিন বিরতি দিয়ে আগামীকাল ফের অনুশীলন করবেন দুই দলের খেলোয়াড়রা। সকালে নিউজিল্যান্ড দল ও বিকালে বাংলাদেশ দল অনুশীলন করবে। টানা দুইদিন অনুশীলনের পর মঙ্গলবার শুরু হবে মাঠের লড়াই। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দিয়ে প্রায় পাঁচ বছর পর চা বাগান ঘেরা সিলেটের সবুজ গালিচায় গড়াবে টেস্ট ম্যাচ। 

এই সিরিজে জ্যেষ্ঠ ক্রিকেটারদের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বামহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো অভিজ্ঞ খেলোয়াড়। অধিনায়ক সাকিব চোটে পড়েছেন, আর তামিম পুরনো চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্রাম পেয়েছেন। 

এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই ৫৭৮ রান করে চার্টের চারে থাকা কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র রয়েছেন কল্পনার সুখরাজ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছরের অভিজ্ঞতায় তিনি অভিভূত। এটা তার কাছে মনে হয় ‘খানিকটা পরাবাস্তব’। 

গতকাল সিলেটে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবকিছু দ্রুত ঘটে গেল। আজ এখানে থাকতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার এ বয়সে যে খেলাটি ভালোবাসি সেই খেলাটি বিশ্বব্যাপী ঘুরে ঘুরে খেলতে পারাটা সত্যিই বিশেষ কিছু। উত্থান-পতন তো থাকেই, কিন্তু প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি।’

সদ্যই ২৪তম জন্মদিন পালন করা এই ক্রিকেটার বলেন, ‘দেখুন, যারা দীর্ঘদিন ধরে এ দলটির সঙ্গে আছেন তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা এবং স্বাধীনভাবে নিজের খেলাটা খেলা আসলেই বিরাট পরিতৃপ্তির। প্রত্যেকেই যে ঘাড় চাপড়ে দিচ্ছেন, এটা কিন্তু বড় ব্যাপার। আশা করি, আমি তাদের কাছ থেকে শিখতে থাকব।’