বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, ‘প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রধান লক্ষ্য ধরা হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পর্যাপ্ত পদক্ষেপ প্রস্তাবিত বাজেটে নেই।’
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিসিআই সভাপতি বলেন, ‘রফতানি খাতে ইপিবির তথ্য অনুসারে দেখা যাচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক ও কাস্টমসের তথ্যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না। বিজিএমইএ ও বিকেএমইর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় রফতানি খাতের অবস্থা আশানুরূপ নয়। অন্যদিকে ইপিজেড শিল্পে কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে ১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। একদিকে রফতানি আশানুরূপ বাড়ছে না, রেমিট্যান্সের প্রবাহ কম, রিজার্ভের স্বল্পতা, এর মধ্যে এ ধরনের সিদ্ধান্ত অর্থনীতিকে আরো চাপে ফেলবে। আমরা এ প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমরা পরিবেশ ও জ্বালানি সাশ্রয় নিয়ে কথা বলি। কিন্তু এবারের বাজেটে দেখছি এলইডি লাইটের ওপর করারোপ করা হয়েছে। আবার দেশে উৎপাদিত এসি ও ফ্রিজের ওপর করারোপ করা হয়েছে। ফলে এ খাত ক্ষতির মুখে পড়বে এবং সর্বোপরি চাপ এসে পড়বে ভোক্তার ওপর।’










