পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের সঙ্গে পাশ্ববর্তী দেশগুলোর ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর সঙ্গে আঞ্চলিক শান্তি, খাদ্য ও পানি নিরাপত্তা, পরিবেশ, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত। রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং নতজানু নীতির কারণে বিগত সরকার ফারাক্কার ন্যায্য পানি নিশ্চিত করতে পারে নাই। রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে।
আজ রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত সহযোগিতা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।
শহীদউদ্দিন চৌধুরী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যা, নদী ভাঙ্গন, খরা, লবণাক্ততা ও পানি সংকট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ঝুঁকি তৈরী করছে। নদীর পানির প্রবাহ ও বন্যার পূর্বাভাসসংক্রান্ত তথ্য বিনিময়, যৌথ গবেষণা, দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করে টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জ্বালানি ও আঞ্চলিক যোগাযোগের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, এ সরকার দায়িত্ত্ব নেয়ার পর দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হয়েছে, শিগগিরিই এর কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারিগরি পরামর্শক কমিটির মতামত পেলে দ্রুততম সময়ে কাজ শুরু হবে। পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা এবং খাল খননের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্পের স্বনির্ভর বাংলাদেশের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য সচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। কী নোট স্পীকার ছিলেন পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব প্রকৌশলী এএনএইচ আক্তার হোসেন প্রমুখ।










