ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরী চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।

এর ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ রয়েছে। পেট্রল পাম্প মালিকরাও শ্রমিকদের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

শ্রমিকরা জানান, নীলফামারীতে যাওয়ার পথে একটি তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের জন্য সড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া লরিটি তল্লাশি করেন। তল্লাশির সময় কেবিনে দুটি জারকিনে ১০ লিটার পেট্রল ও দুই লিটার ডিজেল পাওয়ার পর অবৈধভাবে তেল পাচারের অভিযোগে চালক শ্রী কৃষ্ণচন্দ্র, সহকারী রিফাত এবং একরামুল হককে ছয় মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতির পাশাপাশি পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন।

শ্রমিকরা জানান, সড়ক ও মহাসড়কে পুলিশি হয়রানি এবং অযৌক্তিকভাবে ট্যাংকলরির চালক, ম্যানেজার ও হেলপারদের জেল-জরিমানার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ এবং দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, অবিলম্বে আটক শ্রমিকদের মুক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কর্মবিরতি চলবে।