দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি ও দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, সাংবাদিকের ওপর হামলা শুধু একজন পেশাজীবীর ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর আঘাত।

আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করে সংগঠনটি জানায়, গত ৪ অক্টোবরের ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই সময় সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদক পরিষদ মনে করে, কোনো সংবাদ, মতামত বা সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ড নিয়ে মতবিরোধ থাকলেও হামলা, হুমকি বা পেশাগত কাজে বাধা দেয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। ভয়, হুমকি ও সহিংসতার পরিবেশে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্পাদক পরিষদ বলেছে, তদন্ত অবশ্যই নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণভিত্তিক হতে হবে। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে সম্পাদক পরিষদ পাঁচ দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সব হামলা, হুমকি ও হয়রানির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত; জড়িতদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা; রাজনৈতিক কর্মসূচি, বিশ্ববিদ্যালয়, আদালত ও প্রশাসনিক কার্যালয়সহ জনসমাগমস্থলে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা; পেশাগত দায়িত্ব পালনে বাধা, হুমকি ও হয়রানি বন্ধ করা এবং রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সব পক্ষের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা।

সম্পাদক পরিষদ বলেছে, সাংবাদিকদের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়; এটি একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজের অপরিহার্য শর্ত। সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনায় দ্রুত, দৃশ্যমান ও আইনসম্মত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।