বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে গতকাল মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘স্মার্ট বাংলাদেশ: ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা সহনশীলতা সবুজ আগামীর জন্য’ শীর্ষক একটি সেমিনার আয়োজিত হয়। সেমিনারে বক্তারা স্মার্ট প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, যেমন মরুকরণ, খরা ইত্যাদির মোকাবেলা এবং পরিবেশবান্ধব উপায়ে ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে কীভাবে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে রূপান্তর করা যায়, সে ব্যাপারে তাদের বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন। তিনি পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া কমানোর জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, টেকসই সবুজ অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেন, ‘জনসচেতনতাই হচ্ছে পরিবেশের সুরক্ষার প্রথম ধাপ এবং জলবায়ুগত সমস্যা সমাধানে আমাদের টেকসই প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগী হতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’-এর দূরদর্শী লক্ষ্য অর্জনে তিনি তরুণ সম্প্রদায়কে একত্রে কাজ করার তাগিদ দেন।
এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সবুজ বাংলাদেশ গঠনে পরিবেশের সুরক্ষা, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন কৌশল অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নৈতিকতা, শৃঙ্খলা এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষের মেলবন্ধনের মাধ্যমে এমআইএসটি, মানবিক গুণসম্পন্ন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ দক্ষ প্রকৌশলী গড়ে তুলছে, যারা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। —আইএসপিআর










