বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে আজ সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মরদেহ গ্রহণ করেন এবং নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরো ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

বিদেশগামী সব কর্মীকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান জানানো হয় এ সময়, যাতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পারেন।

প্রবাসে কর্মরত সব বাংলাদেশীর নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার শান্তি কামনা করেন।

গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।