চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মোটর সাইকেলের চালক ছিলেন।

শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে নেজামপুরহাটবাকইল সড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান রুবেল (২৫) রাজশাহীর তানোর উপজেলার চৈতপুর গ্রামের আমিনুল ইসলাম হায়দারের ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাঁশবাড়িয়া এলাকায় একটি ভ্যানের সঙ্গে রুবেলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ভ্যানচালক ভ্যানটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।