দেশে অনলাইন টিকিটিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ট্রেন, বাস, লঞ্চ ও বিমানে যাতায়াতের ক্ষেত্রে বিক্রিত টিকিটের উল্লেখযোগ্য অংশ বর্তমানে অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম। বর্তমানে দেশে এক ডজনেরও বেশি অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম রয়েছে।
অনলাইন টিকিটের চাহিদা বছরজুড়েই থাকে। তবে ঈদ ও অন্যান্য উৎসবে ভোগান্তি এড়াতে যাত্রীদের কাছে এটি বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ধারাবাহিকতা বজায় রেখে এবারও আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ট্রেনের দৈনিক টিকিটের সংখ্যা ৩৫,৯১৩টি। ঈদ উপলক্ষে আড়াই লাখের বেশি টিকিট রেলওয়ের ওয়েবসাইট ও ‘রেলসেবা’ অ্যাপে বিক্রি করা হবে।
গত বছর ঈদুল ফিতরের সময় মোবাইল ফোন অপারেটরদের তথ্য অনুযায়ী প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ঢাকা ছেড়েছিলেন। এবারও একই সংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে রেলওয়ের পরিবহন সক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় যাত্রীদের বড় অংশকেই সড়কপথে ভ্রমণ করতে হবে।
পরিবহন মালিকরা জানিয়েছেন, আগামী ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার বলেন, আগে ঈদের অগ্রিম টিকিট কাউন্টার থেকে কেনার কারণে মানুষের দুর্ভোগ বেশি হতো। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে টিকিট কাটার অভ্যাস তৈরি হয়েছে। এবারও বাসের টিকিটের সিংহভাগ অনলাইনে বিক্রি করা হবে। কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রী সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন।
ট্রেন ও বাসের পাশাপাশি বিমান ও লঞ্চের টিকিটও অনলাইনে বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে দেশে এক ডজনেরও বেশি অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— বিডিটিকিটস ডটকম, বাসবিডি ডটকম, সহজ ডটকম, চক্রযান ডটকম, বাইটিকিট ডটকম ডটবিডি, শেয়ারট্রিপ ডটনেট, ফ্লাইটএক্সপার্ট ডটকম ও যাত্রী ডটকম। সংশ্লিষ্টদের দাবি, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক টিকিট বিক্রির পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম পরিচালনার একমাত্র অপারেটর সহজ ডটকম। রেলের প্রতিদিন যে পরিমাণ টিকিট বিক্রি হয়, তার ৭০ শতাংশের বেশি এখন অনলাইনে বিক্রি হচ্ছে।
এছাড়া সহজ ডটকম প্রতিদিন বাসের ৮০-৯০ হাজার এবং ট্রেনের প্রায় ১ লাখ টিকিট বিক্রি করছে। অনলাইন টিকিটের জনপ্রিয়তা নিয়ে সহজ ডটকমের কর্মকর্তা কর্নেল (অব.) আমিনুল হক বলেন, দেশে ইন্টারনেট সহজলভ্য হওয়া, স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের প্রসার এবং ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ায় মানুষ ই-টিকিটিংয়ে ঝুঁকছেন। কয়েক বছর আগেও অনলাইন পেমেন্টে মানুষের আস্থা ছিল কম, তবে কভিড-১৯ মহামারির সময় অনলাইনে কেনাকাটার অভ্যাস তৈরি হওয়ায় এ চিত্র বদলেছে। ফলে অনলাইন পেমেন্ট ও টিকিট কেনার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন উদ্যোগও এই প্রবণতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।










