ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক পৃথক ঘটনায় চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুটি  ট্রেলার গাড়ি (লরি) ও দুটি কাভার্ড ভ্যান পুড়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর মা-মনি ফিলিং স্টেশনের ভিতরে পার্কিং করা দুটি ট্রেলার গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল সেতু এলাকায় দুটি কাভার্ড ভ্যানেও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফেনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবদুল মজিদ জানান, ফায়ার সার্ভিস সময় মতো ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম যদি সময় ঘটনা স্থলে না পৌঁছাত তা হলে মা-মনি ফিলিং স্টেশন পার্কিং করা বাকি গাড়িগুলোও আগুনে পুড়ে যেত।

ফেনী সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, আগুন দেয়া গাড়িগুলো ওই সব স্থান থেকে উদ্ধার করে ফেনী পুলিশ লাইনে আনা হয়েছে। তবে এ সব ঘটনায় আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুর একটা পর্যন্ত  কোনো থানায় মামলা হয়নি।