বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নাম এ বাংলার মাটি থেকে মুছে ফেলার
সাধ্য কারো নেই। উত্তাল সমুদ্রে, অমানিশায় তিনি আমাদের বিশ্বাসের বাতিঘর। এ বাতিঘর
চিরদিন আমাদের চলার পথ দেখাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলা
গড়ার লড়াই চলছে সে লড়াই আমরা নিয়ে যাব বিজয়ের সোনালী বন্দরে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর
আদর্শ সততা মানেন না, জীবন থেকে শিক্ষা নেন না; আর আপনি বঙ্গবন্ধুর সৈনিক এ দাবি কেন
করেন? বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। রাত দুটোয় ফোন করেও তাকে পাওয়া যায়।
এটি অবাক করার মতো বিষয়। তিনি মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় দেশ
নিয়ে ভাবেন।
সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতার লিগ্যাসি ও অর্থনৈতিক মুক্তির লিগ্যাসির
মৃত্যু হবে না। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় দেশে নিরবে আসেন, নিঃশব্দে চলে
যান। তার নেতৃত্বেই দেশে আইসিটি ক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটেছে।










