ব্যাংক অব চায়নার ভাইস চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট লিউ জিন পদত্যাগ করেছেন। আজ (২৫ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ব্যাংক অব চায়না এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

রাষ্ট্রীয় মালিকানাধীন এই ব্যাংকটি জানায়, চেয়ারম্যান জে হাইজিয়াওকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে ব্যাংকটির পরিচালনা বোর্ড। এ বিষয়ে ব্যাংক অব চায়নার মন্তব্য জানার চেষ্টা করেছে রয়টার্স। কিন্তু, তা সম্ভব হয়নি। লিউ জিনের মন্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লিউ জিনের জন্ম ১৯৬৭ সালে। তিনি ব্যাংক অব চায়নার প্রেসিডেন্ট হন ২০২১ সালের এপ্রিলে। এর আগে তিনি চায়না এভারব্রাইট ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন। তারও আগে তিনি চায়না ডেভেলমেন্ট ব্যাংকের ঋণনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

লিউ জিনের আগে ব্যাংক অব চায়নার চেয়ারম্যান ছিলেন লিউ লিয়াং। লিউ লিয়াং ২০২৩ সালের মার্চে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে ১২ কোটি ১০ লাখ ইউয়ান ঘুষ নেয়ার অভিযোগ ছিল।