দেশব্যাপী সব পোশাক কারখানা আজ বুধবার থেকে খুলছে। গতকাল বিজিএমইএ সভাপতি এসএম মান্নানের (কচি) নেতৃত্বে বিজিএমইএ বোর্ড, বিকেএমইএ নেতাসহ পোশাক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সভায় সিদ্ধান্ত হয়, সকালে কারফিউ চলাকালে কারখানায় প্রবেশের জন্য শ্রমিক, ব্যবস্থাপনা কর্মী ও কর্মকর্তাদের জন্য তাদের পরিচয়পত্র কারফিউ পাস হিসেবে গ্রহণযোগ্য হবে।
জনগণ ও সম্পদের নিরাপত্তা রক্ষার নিমিত্তে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি দেশের পোশাক কারখানাগুলো যাতে নিরাপদে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে, সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেন।
বিজিএমইএ সভাপতি এসএম মান্নান (কচি) সংস্থার সদস্যভুক্ত সব কারখানার শ্রমিক, মিড লেভেল কর্মী ও ব্যবস্থাপকদের সুষ্ঠুভাবে কারখানার উৎপাদনকাজ সম্পাদনের জন্য আহ্বান জানিয়েছেন।
বিজিএমইএ জানিয়েছে, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিএমইএ সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিজিএমইএর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান এবং বিজিএমইএর সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।










