সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি বিশেষ অভিযানে এ চালানটি আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকায় ইলিশ মাছ পাচারের খবর পায় তারা। পরে বাংলাবাজার বিওপির টহলদল দ্রুত সেখানে অভিযান চালিয়ে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করে। জব্দকৃত মাছের আনুমানিক মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই ইলিশের চালানটি জব্দ করা হয়েছে। 

জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমস অফিসে জমা করা হবে এবং কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হবে।