ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় ব্যক্তিগত উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম।

গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. ফজলুল কবীরের হাতে মসিক মেয়র ও চেম্বার সভাপতি এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ সভাপতি ডা. মতিউর রফমান ভূইয়া, জেলা স্বাচিপ সম্পাদক ডা. এইচএ গোলন্দাজ, মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, ময়মনসিংহ চেম্বারের সিনিয়র সহসভাপতি শংকর সাহা প্রমুখ।