মানিকগঞ্জে প্রাইভেটকার চালক আনোয়ার হোসেন খোকা হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল বিকালে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উত্পল ভট্টাচার্য  দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকার সাভারের জোরলপুর কান্দার চর এলাকার চান মিয়ার ছেলে হাসান মিয়া ও ইজু মিয়া, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম মাহমুদ, হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার ইসমাইল হোসেনের ছেলে মনির হোসেন, একই এলাকার ওহাব আলীর ছেলে দারোগ আলী ও বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক  জানান, ২০১২ সালের ১৪ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের বাসাবাড়ি থেকে প্রাইভেটকার চালিয়ে সাভারের হেমায়েতপুরের উদ্দেশে রওনা হন চালক আনোয়ার হোসেন খোকা। এর পর রাত ১১টার দিকে আনোয়ার হোসেনের স্ত্রী পাপিয়া আক্তার ও পরিবারের লোকজন মোবাইল ফোনে কল দিলে অপরিচিত এক ব্যক্তি রিসিভ করেন। ওই ব্যক্তি জানান, আনোয়ার মোবাইল চার্জে দিয়ে ভাড়ায় চারজন যাত্রী নিয়ে সিলেটের জাফলং গেছেন। এর দুদিন পর মানিকগঞ্জ সদর উপজেলার আরঙ্গবাদ এলাকার হাকিম আলীর মৎস্য খামারের পাশ থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আনোয়ারের পরিবারের লোকজন মানিকগঞ্জ মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০১৩ সালের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বিকেলে দুই আসামি দারোগ আলী ও আব্দুর রহিমের উপস্থিতিতে এ রায় দেন।