বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত সব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া-প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের (এএপিটিসি) ১২তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। প্রযুক্তির উন্নয়ন ও অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকির কারণে বর্তমানে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিবেশ অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এ পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির গতি-প্রকৃতি মূল্যায়ন ও তা মোকাবেলায় ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের রূপরেখা প্রণয়ন ছিল এবারের এএপিটিসির বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য। 

শান্তিরক্ষী অপারেশন, প্রশিক্ষণ ও গবেষণার সঙ্গে জড়িত নীতিনির্ধারক, গবেষক, শান্তিরক্ষী, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি অনন্য প্লাটফর্ম এএপিটিসি। এএপিটিসিতে বর্তমানে ২৪টি সদস্য রাষ্ট্র ও দুটি পর্যবেক্ষক দেশ রয়েছে। ২০২৩ সালের বার্ষিক সম্মেলনে বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এক বছরের জন্য গুরুত্বপূর্ণ এ সংস্থার সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ডিফেন্স/মিলিটারি অ্যাটাশে, ঊর্ধ্বতন সামরিক, আধা সামরিক ও অসামরিক কর্মকর্তা, জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রধান ও প্রতিনিধি, এএপিটিসির সদস্যভুক্ত ২৬টি দেশের প্রায় ৫০ জন বিদেশী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্যরা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। —আইএসপিআর