কভিড-১৯ প্রতিরোধে সারাদেশের মতো দিনাজপুরেও ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার এ কার্যক্রম উদ্বোধন করে দিনাজপুর এম আব্দুর রহিম এমপি কলেজ হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এরপর চিকিংসক, নার্স ও কর্মকর্তারাও ভ্যাকসিন নেন। পরে দিনাজপুর জেনারেল হাসপাতালেও করোনা ভ্যাকসিন দেয়া কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় হুইপ ইকবালুর রহিম বলেন, বিশ্বের মানুষের পাশাপাশি করোনা আতঙ্কে বাংলাদেশের মানুষ যখন ভীত হয়ে পড়েছিল আতঙ্কিত ছিল সেই মুহূর্তে একটি মহল বিভ্রান্তিকর মিথ্যাচার দিয়ে মানুষকে আরো বেশি আতঙ্কিত করবার চেষ্টা করেছে। এই সংকট মুহূর্তে একশ্রেণির মানুষ করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে।

তিনি বলেন, আজ উন্নত দেশগুলির পাশাপাশি প্রায় সমসাময়িক সময়ে বাংলাদেশে করোনা প্রতিষেধক ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এটি জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সম্পন্ন নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. শাহ মোজাহেদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, জেলায় প্রথম পর্যায়ে মোট ৪৫ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।