কুমিল্লা নগরীর চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে অগ্নিসংযোগ ও নগরীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
গ্রেফতারকৃতরা হলেন আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউছার (২৮), চাঁনপুর এলাকার শাকিল ওরফে সাক্কু (২৫) ও সাইমন (২২)।
পুলিশ সুপার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর রানীর বাজার-রামমালা সড়কের বিসিক মোড়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে একটি অবিস্ফোরিত ছিল। এ সময় পুলিশের ধাওয়ায় দুষ্কৃতকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলের সূত্র ধরে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।










