প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে একটি চক্র। প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ শুক্রবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এর ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (০১৮৮১৭৪৭৩৪৩)/ হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করা হলো।