ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময় বাড়ছে। অন্যান্য বছর নভেম্বরের শেষ দিকে এ বিষয়ে জানানো হলেও এবার তা আগেই জানানো হবে। কারণ হিসেবে জানা গেছে, এবার কিছু করদাতার ক্ষেত্রে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। তাদের সুবিধার্থে আগেই জানিয়ে দেয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। কতদিন সময় বাড়ানো হবে, সেটি এখনই প্রকাশ করতে চায় না এনবিআর। তবে এ সপ্তাহের মধ্যেই বর্ধিত সময় জানিয়ে দেয়া হবে বলে বণিক বার্তাকে নিশ্চিত করেছে এনবিআর সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআর সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম বণিক বার্তাকে বলেন, ‘আয়কর আইনের ৩৩৪ ধারায় বলা হয়েছে, বোর্ড কর দিবস অনধিক এক মাস বৃদ্ধি করতে পারবে। প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে বোর্ড এ ক্ষমতা প্রয়োগ করতে পারবে।’

গত ২০২৩-২৪ করবর্ষে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছিল।

সাধারণত ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময় নির্ধারণ করা থাকে। আর ওই দিন কর দিবস হিসেবে পালন করা হয়। তবে অন্য কোনো একটি দিনে কর দিবস পালন করার পরিকল্পনাও রয়েছে এনবিআরের। সেই লক্ষ্যে কাজ চলমান।

কোম্পানি করদাতাদের জন্য সময় বাড়ানোর বিষয়ে এখনো এনবিআরের কোনো চিন্তা নেই বলে জানা গেছে। গত ২০২৩-২৪ করবর্ষে কোম্পানি করদাতাদের জন্য প্রথমে ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। পরে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

এ বিষয়ে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) একটি সূত্র বণিক বার্তাকে বলেন, ‘‌আমাদের অনেক করদাতাই পরিবর্তিত পরিস্থিতিতে রয়েছেন। তাদের রিটার্ন দাখিল কে করবেন, সেই অনিশ্চয়তাও রয়েছে। এছাড়া আমরা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কায় রয়েছি।’