সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়াকে 'শকিং' বলেছেন হাইকোর্ট। গত ১২ বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১১৩ বার। এটি শুধু পরিবার নয়, জাতির জন্যও শকিং বলে মন্তব্য করেছেন বিচারপতি।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সাগর-রুনি হত্যার মামলায় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশ বাস্তবায়নের কথা বলেছেন।

আইনজীবী শিশির মনির বলেন, স্বদিচ্ছা থাকলে আগেই সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করা সম্ভব ছিল। এখনো তা করা যাবে বলে আমি বিশ্বাস করি। টাস্কফোর্স গঠনের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ আগের চেয়ে দ্রুত হবে।

হত্যাকাণ্ডে নিহত রুনির ভাই নওশের রোমান বলেন, ‘এবার ছয় মাসের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। র‌্যাব আন্তরিকভাবে কাজ করছে বলে আশা করছি। আগে ডিএনএ টেস্টের নাম করে প্রক্রিয়া লম্বা করা হয়েছে। তবে এবার আশা করি, তদন্ত দ্রুত শেষ হবে।’