সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। সাক্ষাতে প্রতিনিধি দলটি ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর কাছে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে।
বর্তমান সময়ের চ্যালেঞ্জ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পলিসি হচ্ছে অ্যানালগ, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল। ডিজিটাল যুগের দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রচলিত নীতিমালার আধুনিকায়ন প্রয়োজন।’
সরকার কোনো কিছু চাপিয়ে না দিয়ে বরং ‘ফেসিলিটেটর’ বা সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি গণমাধ্যম কমিশন গঠন করা হবে।’
তবে এক্ষেত্রে গণমাধ্যমসংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সুস্থ ঐকমত্যের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘অংশীজনদের গঠনমূলক পরামর্শ এ কমিশনকে কার্যকর করতে সহায়ক হবে।’
সাক্ষাৎকালে বিজেসি নেতারা ব্রডকাস্ট মিডিয়ার ডিজিটালাইজেশন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন কারিগরি ও নীতিনির্ধারণী সংকট তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।










