চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা) আসনে বিএনপির প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন দলটির আলোচিত নেতা আসলাম চৌধুরীর অনুসারীরা। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে কাজী সালাউদ্দিনকে। এ ঘোষণার পরপরই আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, কদমরসুলসহ কয়েকটি স্থানে বিক্ষোভ চলছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। বাকি ৬টি আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে তিনি জানান।









