নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ কর্মকর্তাদের নিয়ে শুরু হয়েছে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ সম্মেলনে উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ। ইসির নিজস্ব কর্মকর্তাদের জন্য ‘ইলেকশন কমিশন সার্ভিস’ চালুর বিষয়ে আইন সংশোধনে সরকারের সায় পাওয়ার মধ্যে এ সম্মেলন হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কর্মকর্তারা এ ‘মিলনমেলায়’ নিজেদের দাবি উপস্থাপনের পাশাপাশি নির্বাচন কমিশন থেকে ভোট প্রস্তুতির দিক-নির্দেশনা পেতে যাচ্ছে।
ইসি সচিবালয়ের পাশাপাশি দশ আঞ্চলিক, জেলা অফিস, পাঁচ শতাধিক থানা/উপজেলা নির্বাচন অফিসে পাঁচ সহস্রাধিক লোকবল রয়েছে, এনআইডি উইংয়ের রয়েছে সহস্রাধিক লোকবল। এর মধ্যে আট শতাধিক প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও এনআইডি দেয়ার প্রক্রিয়া শুরুর পর থেকেই নির্বাচনী দায়িত্বের পাশাপাশি ইসি কর্মকর্তাদের এনআইডি সেবার কাজে সম্পৃক্ততা বাড়ে। তৎকালীন নির্বাচন কমিশনের উদ্যোগে আঞ্চলিক, জেলা, উপজেলা পযায়ে সার্ভার স্টেশন নির্মাণ ও আধুনিকায়নের ব্যবস্থা নেয় সরকার।
এরই মধ্যে এনআইডি সেবা নিয়ে ‘টানাটানি’ ও ইসির নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতিকে সামনে রেখে নানা দাবিতে সক্রিয় হয় ইসি ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।










