বগুড়া
সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে
ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ছয় নেতাকর্মীকে সাময়িক
বহিষ্কার করা হয়েছে। গতকাল সকালে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক
শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক আল ইমরান হোসেন, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলাম শুভ, জোবায়ের সরদার সিহাব ও মোহন ইসলাম।
ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা জানান, নতুন কমিটি গঠন নিয়ে বগুড়া জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। অন্য পক্ষ পরিচালনা করেন সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও মাহফুজার রহমান। গত বৃহস্পতিবার দুপুরে অবরোধবিরোধী মিছিলে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
গতকাল সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।









