ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে নবীনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

এদিন সকালে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে নবীন শিক্ষার্থীদের ফুল ও স্মারক উপহার দিয়ে স্বাগত জানান বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, আন্তর্জাতিকবিষয়ক দফতর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসির বুথে বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।

পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। পরে জাতীয় সংগীত ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিম সং পরিবেশন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টারি প্রদর্শন এবং বিভিন্ন অনুষদের ডিনদের শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআইইউর অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক ড. এ.বি.এম. কামাল পাশা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে নবীনদের স্বাগত জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। পরে বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশ নেন এসএসএলকমার্সের কি অ্যাকাউন্ট ম্যানেজার ও সিএসই বিভাগের অ্যালামনাই প্রিয়া রানী দে, এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএমসি বিভাগের অ্যালামনাই মো. ফরহাদ হোসাইন, মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যালামনাই মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। তারা নবীনদের সঙ্গে শিক্ষাজীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়া ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরও পুরস্কার দেয়া হয়। পুরস্কার তুলে দেন অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার অধ্যাপক ড. এ.বি.এম. কামাল পাশা।

আনুষ্ঠানিক পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের সামনে ফটোশুটের আয়োজন করা হয়। বিকালে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিক্ষার্থীরা।