আগামীকাল ৮ মার্চ ঢাকার ওসমানী মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত খালেদা জিয়াকে এ সম্মাননা দেয়া হবে।

আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এ পুরস্কার দেয়া হচ্ছে। অন্যান্য বছরের মতো এ বছরেও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার দেয়া হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত হচ্ছেন।